Header Ads Widget

Responsive Advertisement

মালয়েশিয়ার জহুর রাজ্যে কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন,এক রেমিট্যান্স যোদ্ধা।



সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ আকতার হোসেন সরকার। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বুক বেঁধেছিলেন সিরাজগঞ্জের বেলকুচির কৃষক আলহাজ্ব মিয়া (৪০)। কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দিল না। মালয়েশিয়ার জহুর রাজ্যে কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধা।
আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) মালয়েশিয়ার সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে জহুর রাজ্যের একটি নির্মাণাধীন স্থানে কর্মরত অবস্থায় কংক্রিটের একটি ভারী ব্লক শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আলহাজ্ব মিয়ার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ধুকুরিয়া বেড়া বাজার পোস্টের অন্তর্গত চর মেটুয়ানী বিলপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক সোলেমান মিয়ার সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছোট ছেলে ও এক বিবাহযোগ্য মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রায় ৫ লাখ টাকা ঋণ ও জমি বিক্রি করে কলিং ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আলহাজ্ব। তবে দুঃখজনকভাবে দেশটিতে যাওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানিতে স্থায়ী কাজ পাননি তিনি। ফলে পরিবারের ঋণের বোঝা কমাতে ও জীবিকা নির্বাহের তাগিদে বাধ্য হয়ে বিভিন্ন স্থানে দৈনিক মজুরিতে কাজ করছিলেন।
সহকর্মীরা জানান, আজ মালয়েশিয়ায় সরকারি ছুটি থাকায় প্রথমে কাজে যেতে চাননি আলহাজ্ব। কিন্তু কাজের জরুরি তাগিদ ও সবার অনুরোধে শেষ পর্যন্ত কাজে যোগ দেন। আর সেই কর্মস্থলই তার জন্য শেষ ঠিকানা হয়ে দাঁড়াল।
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আলহাজ্ব মিয়ার মরদেহ দ্রুত দেশে পাঠাতে এবং তার অসহায় পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন প্রবাসীরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ