গাইবান্ধায় রাতের আঁধারে কৃষকের ৫০টি লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা।
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মোঃ আয়ুব নবী সরকার ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের লাউবাগানের প্রায় ৫০টি ফলন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের মোলং বাজার এলাকার মহেশপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. বায়জিদ মন্ডল (৩৮)। তিনি ওই গ্রামের মোঃ সোলেমান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক বায়জিদ মন্ডল নিজ মেহনতে প্রায় এক বিঘা জমিতে লাউয়ের বাগান করেছিলেন। বর্তমানে বাগানের মাচায় এক হাজারেরও বেশি লাউ ঝুলছিল। চলতি মৌসুমে এসব লাউ বিক্রি করে ভালো আয় করার আশা ছিল তার। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের ৫০টি গাছ কেটে ফেলায় তার সেই আশা ও পরিশ্রম এক নিমেষেই শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক বায়জিদ মন্ডলের অভিযোগ, পূর্বশত্রুতা বা পারিবারিক কোনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার এই ক্ষতি করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকার সাধারণ মানুষ।

0 মন্তব্যসমূহ