Header Ads Widget

Responsive Advertisement

সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় ভুয়া তালিকায় বই উত্তোলন, উপবৃত্তি অত্নসাৎ ও অনিয়মের অভিযোগ



সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : তাজুল ইসলাম
অদ্য (শনিবার, ৩ অক্টোবর ২০২৬) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয়ানপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার খাতিজা খাতুন ও পূর্বের কমিটির সদস্য শেখ ফরিদ ওরফে মজনু বিএসসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৩ অক্টোবর) মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাদ্রাসার জমিদাতা সাইফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আবুল হাসান সরকার নয়ন, ও সহ সুপার আব্দুল হামিদ, জামায়াত নেতা মাইদুল ইসলাম লিমন, রতন সরকার, অভিভাবক হাবিবুর রহমান, তাজুল ইসলামসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সুপার খাতিজা খাতুন ও পূর্বের কমিটির শেখ ফরিদ ওরফে মজনু বিএসসির যোগসাজশে মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমে অনিয়ম করা হয়েছে। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের নামে কথিত বা ভুয়া তালিকা দেখিয়ে পাঠ্যবই উত্তোলনের পর সেগুলো বিক্রি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতেরও অভিযোগ তোলেন তাঁরা।

বক্তারা আরও বলেন, মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

অভিযোগকারীরা আরও বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে যেসব ব্যক্তি বা তাঁদের পরিবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য জমি দান করেছেন, তাঁদের একজন বৈধ জমিদাতাকে প্রস্তাবিত কমিটিতে রাখা হচ্ছে না। এতে প্রতিষ্ঠানের প্রকৃত দাতা ও সংশ্লিষ্টদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।

এ ছাড়া মাদ্রাসার শূন্য পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। গোপনে এডহক কমিটি গঠনের মাধ্যমে পরবর্তীতে নিয়োগে অনিয়ম বা অর্থ লেনদেনের সুযোগ তৈরি হতে পারে বলে অভিযোগকারীদের আশঙ্কা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে স্বচ্ছতা, অংশীজনদের মতামত এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করা প্রয়োজন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত না করে কোনো কমিটি গঠন করা হলে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রস্তাবিত এডহক কমিটি গঠনের প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত জমিদাতা, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্ত করে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ কমিটি গঠনের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ